সিন্দবাদ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের কারনে টেকনাফ স্থলবন্দরে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকা রাজস্ব ক্ষতি। ৯ দিন ধরে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ১৪ নভেম্বর থেকে রাখাইনের মংডু হয়ে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসেনি। টেকনাফ থেকেও কোন পণ্য যাচ্ছে না দেশটিতে।

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ফলে সীমান্ত বাণিজ্য অচল হওয়ায় লোকসানে পরেছে ব্যবসায়ীরা।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন জানান, হঠাৎ করে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আদায়ও বন্ধ হয়ে গেছে। এতে দিনে তিন কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের কারণে এখন পর্যন্ত প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

টেকনাফ হতে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সাথে চলছে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। যার কারণে রাখাইনের জেলা শহর মংডু থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্য আসা বন্ধ হয়ে গেছে।

৯ দিন ধরে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম মূলত বন্ধই রয়েছে। এতে করে প্রতিদিন গড়ে তিন কোটি টাকার বেশি রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সর্বশেষ ১৩ নভেম্বর মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে ৪৭ টনের একটি হিমায়িত মাছের চালান এসেছিল।