সীন্দবাদ ডেস্ক : স্বর্ণের দাম এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এত দাম হয়নি। রোববার (১৯ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১৮ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়াহয়। রোববার থেকে এই দাম কার্যকর করা হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪৫ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা পড়বে।

স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এক লাখ ১৫ হাজার ১৯৪ টাকা গুনতে হবে।