সীন্দবাদ ডেস্ক : বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য শুভ কামনা জানালেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস।
বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের দীর্ঘ ও শক্তিশালী ইতিহাস রয়েছে, সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ‘প্যাসিফিক আইল্যান্ড ফোরাম’ ও কপ-২৮ উপলক্ষে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলেন, টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্র অত্যন্ত জরুরি একটি বিষয়। বাংলাদেশের এখন এজেন্ডা-২০৩০ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপায়ে স্থিতিশীল উন্নয়ন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন। তাই বাংলাদেশের নির্বাচনের জন্য শুভ কামনা থাকল।

ডেনিস ফ্রান্সিস আরো বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের দীর্ঘ ও শক্তিশালী ইতিহাস রয়েছে। আমি আশা করব সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে দেশটির আসন্ন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়।
নির্বাচন যেন সবার কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো হয় সে আশাও করেন তিনি।
বাংলাদেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে উল্লেখ করে বলেন, ‘নিশ্চিতভাবেই এতে দেশটি আরো সম্ভাবনাময় হয়ে ওঠবে এবং এতে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও একে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’

, ‘’