সীন্দবাদ ডেস্ক :: ১লা জানুয়ারি সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) এর ডাকা অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ ও মজুরি আন্দোলনে শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচারসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল এসএসপি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এসএসপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এ.এ.এম ফয়েজ হোসেন।
ফয়েজ হোসেন বলেন, ‘পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাপ দেয়া হচ্ছে। তবে আমরা সেই চাপে আমাদের কর্মসূচি স্থগিত করিনি। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাতের সৃষ্টি হচ্ছে। এছাড়া গার্মেন্টসগুলোর সামনে মালিকদের সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে। ধর্মঘটের কারণে শ্রমিকদের জীবন যাতে ঝুঁকিতে না পড়ে, তাই আমরা আপাতত আমাদের ধর্মঘট স্থগিত করছি। আমাদের সঙ্গে মালিক পক্ষ বা সরকারের কোনো আলোচনা হয়নি।’
দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে অনিবার্য কারণে ১ জানুয়ারি থেকে ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। ধর্মঘটের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। আমরা আশা করছি, ধর্মঘট শুরুর আগেই সরকার ও মালিকদের শুভবুদ্ধির উদয় হবে। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া হবে।
সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) তথ্যানুযায়ী, জাতীয় প্রেস ক্লাবের সামনে ১ ডিসেম্বর শ্রমিক সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করে তারা। সেগুলো হচ্ছে—মজুরি আন্দোলনে শ্রমিক নিহতের ঘটনার বিচার, নিহতদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি বাতিল করে তা ২৫ হাজার টাকায় নির্ধারণ, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, ইপিজেডসহ সর্বত্র ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়া ইত্যাদি। তবে এক মাস হয়ে গেলেও এ বিষয়ে সরকার কোনো সাড়া দেয়নি বলে সংবাদ সম্মেলনে জানান ফয়েজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এসএসপির নির্বাহী সমন্বয়ক আবদুর রহমান, সমন্বয়ক হারুন অর রশিদ, মোশাররফ হোসেন, বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন প্রমুখ।







