মোঃ আল-আমীন হোসেন :: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ঢাকা উত্তর মহানগর মহাসচিব এস এম মান্নান কচি।
শনিবার (৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হয় বিজিএমইএ’র ২০২৪-২০২৬ সাল মেয়াদের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ। মধ্যরাত পর্যন্ত চলে ভোট গণনা।
পরে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি ও বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে।
এসময় তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, মোট ২,৪৯৬ জন ভোটারের মধ্যে ২,২২৬ জন ভোট দিয়েছেন। এরমধ্যে সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ ১,৫১০ ভোট পেয়ে জয়যুক্ত হন।
বিজিএমইএর এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭০ জন প্রার্থী। তারা সম্মিলিত পরিষদ ও ফোরাম এই দুই প্যানেল থেকে নির্বাচন করেন।
সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা এস এম মান্নান, যিনি বর্তমানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি।
এবং ফোরামের প্যানেল লিডার ছিলেন ফয়সাল সামাদ। তিনি সংগঠনটির সাবেক সহসভাপতি।







