দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও জনস্বার্থে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ও শনিবারও বিপিসি’র বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা এবং ডিপো খোলা থাকবে এবং দেশের জ্বালানি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদেশ থেকে তেলের আমদানি কার্যক্রম নিয়মিতভাবে চালু রয়েছে এবং পার্সেল হিসেবে দেশে আনা হচ্ছে। পাশাপাশি দেশের সকল ডিপোতে ডিলারদের সরবরাহ নিশ্চিত করতে প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল প্রেরণ করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশজুড়ে তেলের সরবরাহ ব্যাহত না হওয়া এবং জনগণের চাহিদা পূরণ করা। সরকারি ছুটির দিনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশের জ্বালানি ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা হবে এবং বিশেষ করে সপ্তাহান্তে কোনো অভাব তৈরি হবে না।