বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বছরে ১২০ কোটি ডলার বা ১৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় সাশ্রয় করতে সক্ষম হবে যদি বিদ্যুৎ খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সংস্কার করা যায়।
এ সাশ্রয় খাতটিতে বিদ্যুৎ খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সংস্কার করা গেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বছরে ১২০ কোটি ডলার বা ১৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় সাশ্রয় করতে পারে। এ সাশ্রয় খাতটিতে সরকারের দেয়া ভর্তুকি হ্রাসেও বড় ভূমিকা রাখতে পারে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) এক গবেষণা প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।
গত অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ৬১ শতাংশ। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্যই বিপিডিবির ভর্তুকির বোঝা ক্রমেই ভারী হয়েছে। দফায় দফায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয় করার পরও ভর্তুকি অব্যাহত থাকার সম্ভাবনা রয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আইইইএফএ’র প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বার্ষিক ১ দশমিক ৮ গুণ রাজস্ব বৃদ্ধির বিপরীতে বিপিডিবির বার্ষিক ব্যয় বেড়েছে ২ দশমিক ৬ গুণ। ফলে সরকারকে ১ লাখ ২৬ হাজার ৭০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। শুধু ২০২৩-২৪ অর্থবছরেই ৩৮ হাজার ২৮৯ কোটি টাকা ভর্তুকি চেয়েছে বিপিডিবি। ভর্তুকি কমাতে সরকারকে ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ চাহিদার অর্ধেক জাতীয় গ্রিড থেকে মেটাতে হবে। নতুন করে তিন হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রিডে যুক্ত করতে হবে। এর সঙ্গে বছরে লোডশেডিংয়ের পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি বিদ্যুৎ বিতরণে অপচয় ৮ শতাংশের মধ্যে রেখে এ অর্থ বাঁচাতে পারে বিপিডিবি।
আইইইএফএ আরো জানায়, ২০৩০ সালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২৫ হাজার ৮৩৪ মেগাওয়াট হতে পারে। এর মধ্যে সাড়ে ৪ হাজার মেগাওয়াটের জীবাশ্ম জ্বালানিভিত্তিক পুরনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হলেও ৩৫ হাজার ২৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকবে। এতে নবায়নযোগ্য বিদ্যুৎসহ অতিরিক্ত সক্ষমতা ৩৬ শতাংশে নেমে আসবে। আবহাওয়ার ওপর নির্ভরশীল—এমন নবায়নযোগ্য বিদ্যুৎ বাদ দিলে এটি হবে ২০ শতাংশ। ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে এটি তুলনীয় হবে।
গবেষণা প্রতিবেদনের লেখক ও আইইইএফএর বাংলাদেশের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল এ বিষয়ে বলেন, ভর্তুকির পরিমাণ শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে শিল্প-কারখানাগুলোকে পুরোপুরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরশীল করে তুলতে হবে। গ্যাসচালিত যন্ত্রপাতি থেকে ধীরে ধীরে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে স্থানান্তর হওয়া উচিত। গ্যাসচালিত বয়লারের পরিবর্তে বিদ্যুচ্চালিত বয়লার ব্যবহার করতে পারে শিল্প। এতে বিদ্যুৎ বিক্রি করে রাজস্ব বাড়ানোর সুযোগ পাবে পিডিবি। জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও শিল্প-কারখানার চাহিদা গ্রিডের বিদ্যুৎ দিয়ে মেটানোর পদক্ষেপকে বিবেচনায় নিয়ে বিদ্যুতের চাহিদার প্রাক্কলন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আইইইএফএ।







