নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন এজেন্টদের মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড।
এই লক্ষ্যে বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর সম্পাদিত হয়।
বিএসএএ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ৬ ডিসেম্বর (মঙ্গলবার) নগরীর আগ্রাবদস্থ মক্কা মদিনা ট্রেড সেন্টার, ৩য় তলায় অবস্থিত বিএসএএ এর কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক সাক্ষর সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান জনাব মো: রিয়াজ উদ্দিন খান সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, মেডিক্যাল পরিচালক ডা: কাওসার আলম এবং তাদের সহকর্মী ডাক্তার ও ব্যবসা উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় বিএসএএ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ দেশের বৈদেশিক বাণিজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত সারাদেশ ব্যাপী কর্মরত শিপিং এজেন্টদের কাজের গুরুত্ব সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেন এবং বিএসএএ এর সাথে যুক্ত হয়ে এসোসিয়েশনের মালিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত মহান উদ্যোগ গ্রহণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহ তার সহকর্মীদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানান।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক হাসপাতালের সেবার মান ও হাসপাতালের ব্যাপকতা এবংআধুনিক যন্ত্রপাতি সম্পর্কে সভায় উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান ও তাদের কল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত বর্ণনা করেব।
উক্ত সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আরো বক্তব্য রাখেন বিএসএএ এর ভাইস-চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন খান, পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মামুনুর রশিদ, ওয়াহিদ আলম, এস. এম. এনামুল হক, এসোসিয়েশনের প্রাক্তন পরিচালক জনাব খাইরুল আলম সুজন সহ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিএসএএ এর সদস্য ও কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রাপ্তির সমঝোতা স্মারক সাক্ষরে বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের পক্ষে চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ আরিফ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর পক্ষে ডা: এ কে এম ফজলুল হক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।







