সীন্দবাদ ডেস্ক:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শনিবার দুপুরে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
এসএম করপোরেশন ইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর দগ্ধ ৬ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, এসএম করপোরেশন ইয়ার্ডে পুরাতন জাহাজ বিদেশ থেকে কিনে এখানে কাটা হতো।







