নিজস্ব প্রতিবেদকঃ এপোলো ইম্পেরিয়াল হসপিটালস্ কর্তৃক বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের সদস্য শিপিং এজেন্টদের মালিক পক্ষ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের নির্দিষ্ট সেবা খাতে সাশ্রয়ী মূল্যে এবং সহজতর পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন এবং এপোলো ইম্পেরিয়াল হসপিটালস্ এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি সম্পাদন হয়।
বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন খান সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং এপোলো ইম্পেরিয়াল হসপিটালস্ এর রিয়াজ হুসাইন, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহকর্মী-একাউন্টস ও ব্যবসা উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিতে ১১ ডিসেম্বর (রবিবার) নগরীর আগ্রাবদস্থ মক্কা মদিনা ট্রেড সেন্টার, ৩য় তলায় অবস্থিত বিএসএএ এর কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের পক্ষে চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ এবং এপোলো ইম্পেরিয়াল হসপিটালস এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ হুসাইন সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।
সভায় বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ সকলকে স্বাগত জানানোর পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত মহান উদ্যোগ গ্রহণের জন্য এপোলো ইম্পেরিয়াল হসপিটালস্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ তাঁর সহকর্মীদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতঃপর দেশের বৈদেশিক বাণিজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত সারাদেশ ব্যাপী কর্মরত শিপিং এজেন্টদের কাজের গুরুত্ব সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেন।
এসময় বিএসএএ এর ভাইস- চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন খান, পরিচালকবৃন্দ মামুনুর রশিদ, মো: সাজ্জাদুর রহমান, এস. এম. এনামুল হক, রফিকুল আনোয়ার বাবু এবং অত্র এসোসিয়েশনের প্রাক্তন পরিচালক খাইরুল আলম সুজন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন এবং কিছু কিছু সুনির্দিষ্ট বিষয়ে এপোলো ইম্পেরিয়াল হসপিটালস্ এর প্রতিনিধিদের মতামত আহ্বান করেন।
সভায় এপোলো ইম্পেরিয়াল হসপিটালস্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর সহকর্মী হসপিটালের সেবার ব্যাপৃতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান, চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি এবং তাঁদের কল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
উল্লেখ্য, সমঝোতা স্মারক মোতাবেক শিপিং এজেন্টদের মালিক পক্ষ, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দদের নির্দিষ্ট খাতে সাশ্রয়ী হারে এবং সহজতর পদ্ধতিতে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তাছাড়া স্বল্পতম আয়ের রোগীদের বিশেষ সাশ্রয়ী হারে সেবা প্রদানের সুবিধা প্রদান করবে এই হাসপাতাল।







