নুহাশ আলমঃ নেপালের উদ্বৃত্ত বিদ্যুৎ সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে রপ্তানি হবে বলে আশ্বাস দিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
২২ জানুয়ারি (রবিবার)আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে এক মতবিনিময় সভায় নেপালের রাষ্ট্রদূত একথা বলেন।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ভাষাগত মিল থাকায় বাংলাদেশের সাথে নেপালের গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন)’র আওতায় বাণিজ্য, বিনিয়োগ এবং ট্রানশিপমেন্টের মাধ্যমে এ অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের সাথে কার্গো এন্ড প্যাসেঞ্জার ভেহিকেল চালু করা গেলে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন সেক্টরে দু’দেশের সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। বিটুবি সম্পর্ক জোরদার করার জন্য নেপালী ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে চিটাগাং চেম্বার সফরে আসার আশাবাদ করার পাশাপাশি চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিনিধিদলকে নেপাল সফরে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
উক্ত মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বাংলাদেশের সাথে নেপালের রয়েছে বন্ধুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছে অনেক নেপালী শিক্ষার্থী। নেপাল থেকে মসলা, কৃষি বীজ ও হস্তশিল্প আমদানি হয় বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে টেক্সটাইল, পাটজাত পণ্য এবং ইলেক্ট্রনিক্স সামগ্রী রপ্তানি হয় নেপালে। তাই স্থলবেষ্টিত দেশটিকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের বৈদেশিক বাণিজ্য আরো সম্প্রসারণ করার আহবান জানান চেম্বার সভাপতি।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে সিনিয়র সহ- সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, দূতাবাসের থার্ড সেক্রেটারী সুভাষ মাগার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নেপালী রাষ্ট্রদূত ওয়ার্ড ট্রেড সেন্টারে চেম্বার কর্তৃক আয়োজিত চলমান ৪র্থ চট্টগ্রাম আইটি ফেয়ার – ২০২৩ পরিদর্শন করেন।