নুহাশ আলম: বিটিএমএ এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড, হংকং এবং সিইও, চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড তাইওয়ান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী (ডিটিজি) । । চারদিনব্যাপী ১৫-১৮ ফেব্রুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রদর্শনীটি।
১২ ফেব্রুয়ারি (রবিবার) রাজধানীর একটি হোটেলে প্রদর্শনী উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, জুডি ওয়াং, প্রেসিডেন্ট, ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড; হংকং এবং সিইও, চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড তাইওয়ান; ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ; আবদুল্লাহ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট, বিটিএমএ এবং বিটিএমএ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন এসময় বলে, ‘এলএনজি আসা পর্যন্ত গ্যাসের নতুন দাম স্থগিতের আহ্বান জানাচ্ছি। গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আগামীতে টেক্সটাইল খাতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে। চলতি সময়েও গ্যাস-বিদ্যুৎ এর সমস্যার কারণে ক্রয়াদেশের শর্ত অনুযায়ী সময়মতো পণ্য ডেলিভারি দেয়া সম্ভব হচ্ছে না। এতে করে অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে।’
এ সময় তিনি আরো জানান বাংলাদেশে কৃত্রিম তন্তুর সুতা ও কাপড় তৈরিতে বিনিয়োগ বাড়ছে। বর্তমানে পাঁচটি কারখানা বিভিন্ন প্লাস্টিক পণ্যকে পুনঃপ্রক্রিয়াজাত করে তন্তু তৈরিতে নিয়োজিত আছে। এছাড়া ২০টির মতো কারখানা ঝুট কাপড় থেকে পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে প্রথমে তুলা, তারপর সুতা তৈরি করছে।

উল্লেখ্য, এবার প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, হংকং, ইতালি, জাপানসহ ৩৫ দেশের ১ হাজার ২০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীর ১৯টি হলে বুথ থাকবে ১ হাজার ৬০০টি।