মোঃ পারভেজ:: চট্টগ্রাম বন্দরের ইতিহাসে দীর্ঘ ১৩৬ বছরে প্রথম নব গঠিত “চট্টগ্রাম বন্দর কল্যাণ ফাউন্ডেশন” এর তহবিলে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করলো পোর্ট অব সিংগাপুর অথরেটির বাংলাদেশ প্রতিনিধি পিএসএ মেরিন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

মঙ্গলবার (৩১ অক্টোবর) শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) ও চট্টগ্রাম বন্দর অফিসার্স এসোসিয়েশনের যৌথ আয়োজিত এক সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে পিএসএ মেরিন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ক্যাপ্টেন ফারুক হোসেন চৌধুরী ও পিএসএ ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) মোহাম্মদ আব্দুল্লাহ জহির অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল’র হাতে এই অনুদানের চেক প্রদান করে।

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)’র সভাপতি মোহাম্মদ আজিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সচিব—সদস্য (প্রশাসন ও পরিকল্পনা), মোহাম্মদ শহীদুল আলম, অতিরিক্ত সচিব (অর্থ), কমডোর এম ফজলার রহমান, সদস্য (হারবার ও মেরিন), মোঃ মমিনুর রশিদ, উপ—সচিব পরিচালক (প্রশাসন), বন্দর সচিব ওমর ফারুক, বন্দর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বন্দরের সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা—কর্মচারীবৃন্দ ও সিবিএর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ সাধণের লক্ষ্যেই মূলত কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়েছে।