সীন্দাবাদ ডেক্স : বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) এর ৪৬তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে। বিএসসি‘র চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপি অনুষ্ঠানে জানান বিএসসি‘র বহরে নতুন ৪টি জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান। বিএসসি নিজস্ব অর্থে জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের লেবেল-৪ এ বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএসসি এর সদস্যগন ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুচিন্তিত দিক-নির্দেশনায় তার জীবদ্দশায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির জাহাজ বহরে সংযোজনের ব্যবস্থা করেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিএসসির উন্নয়নে নানা পদক্ষেপের নেন। ২০১৮-১৯ সালে বিএসসির বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়। আরো ৪টি নতুন জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান। বিএসসি নিজস্ব অর্থে জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে বিএসসির বহরে বিভিন্ন ক্যাটাগরির ২১টি জাহাজ যুক্ত হবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএসসি বর্তমানে আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব অর্থে জাহাজ ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২২-২৩ অর্থবছরে বিএসসির নীট মুনাফা হয়েছে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা। কর্পোরেশনের ওই লাভের ওপর ভিত্তি করে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করে পরিচালনা পর্ষদের ৩১৮তম সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) প্রদানের সুপারিশ করা হয়েছে। আশা করি, বিএসসির লাভের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এ লভ্যাংশের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।

বিএসসির জাহাজে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্রতি বছর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া ওই সংস্থার জাহাজে মেরিন একাডেমির মহিলা ক্যাডেটদের এক বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যারা দেশি-বিদেশি বিভিন্ন জাহাজে যোগদানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই জাতীয় স্বার্থেই বিএসসির উত্তরোত্তর উন্নয়ন অব্যাহত রাখা আবশ্যক।

বিএসসি দীর্ঘদিন পর চট্টগ্রামের কৈবল্যধামে তাদের নিজস্ব জায়গায় আনসার ক্যাম্প ও পাহাড়া চৌকি প্রতিষ্ঠা করেছে। ফলে ১২ দশমিক ৭৭ একর জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যাবে। সেখানে বিএসসির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এ জায়গাটি যেহেতু কর্মচারীদের আবাসনের জন্য সরকার কর্তৃক বরাদ্দ দেয়া হয়েছে; তাই জায়গাটিতে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

এছাড়া খুলনার কেডিএ এভিনিউ এলাকায় ১১ দশমিক ৭৩ কাঠা জমির সমস্যা সমাধান করে সেখানে বিএসসির শপিং কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। সেখানে দোকান ভাড়া দিয়ে বর্তমানে মাসিক তিন লাখ টাকা আয় হচ্ছে। খুলনার বয়রা আবাসিক এলাকায় ৪০ কাঠা জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ করে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে। জায়গাটির বাণিজ্যিক ব্যবহারের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে।