সীন্দবাদ ডেস্ক : বিশ্বের বৃহত্তম তাপীয় কয়লা রফতানিকারক ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ান কোল মাইনিং অ্যাসোসিয়েশন (আইসিএমএ) সূত্রে জানা যায়, ২০২৩ সালে দেশটিতে ৬৯ কোটি ৫০ লাখ টন কয়লা উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
খনি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টনে। এর মধ্য থেকে রফতানি হয়েছে ৩৫ কোটি ৫০ হাজার টন।
২০২২ সালে ৬৮ কোটি ৭০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছিল এবং রফতানি হয়েছিল ৪৯ কোটি ৪০ লাখ টন।
আইসিএমএর নির্বাহী পরিচালক হেন্দ্র সিনাদিয়া বলেছেন, ‘ইন্দোনেশিয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৯ কোটি টন কয়লা উত্তোলন হয়েছে।’ তাই চলতি বছর শেষ নাগাদ উৎপাদনের পরিমাণ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
হেন্দ্র সিনাদিয়া বলেন, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে গড় মাসিক কয়লা উত্তোলন দাঁড়িয়েছে ৬ কোটি ১০ লাখ টনে। তবে ইন্দোনেশিয়ায় এখন বর্ষা মৌসুম শুরু হওয়ায় মাসিক উত্তোলনের পরিমাণ কিছুটা কমে যাবে।’
ফলে চলতি বছর উৎপাদন ও রফতানি উভয়ের পরিমাণই বাড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
খবরে- রয়টার্স







