সীন্দবাদ ডেস্ক : আসন্ন ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন পরিচালনার জন্য বোর্ড গঠন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (৪ ডিসেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ’র আসন্ন ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করা হয়। সভায় বিজিএমইএ একটি আপিল বোর্ডও গঠন করে।
নির্বাচনের অন্তত ৮০ দিন আগে নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন বোর্ড। সরকারের বাণিজ্য সংগঠনের নিয়ম অনুযায়ী বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৫ দিন আগে বিজিএমইএ নির্বাচন সম্পন্ন করতে হবে।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। অন্য সদস্যরা হলেন- এফবিসিসিআই সহ-সভাপতি এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) সভাপতি শমী কায়সার এবং ইক্যাব সাবেক সভাপতি এ এস এম নাঈম। আপিল বোর্ডের চেয়ারম্যান এমসিসিআই সভাপতি কামরান টি রহমান। অন্য সদস্যরা হলেন- এফবিসিসিআই সহ-সভাপতি খায়রুল হুদা চপল এবং এফবিসিসিআই পরিচালক নিজামুদ্দিন রাজেশ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এবং পরিচালকসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা।







