সীন্দবাদ ডেস্ক : চোখের কৃত্রিম লেন্সের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ১২৯ ধরনের লেন্সের দাম নির্ধারণ করে দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। যেখানে সর্বনিম্ন লেন্সের মূল্য ১৪৩ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব হাসপাতালের নোটিশ বোর্ডে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। লেন্সের সর্বোচ্চ মূল্য তালিকা প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে না। রোগীর কাছে লেন্সের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদক দেশের নাম উল্লেখ করে ক্যাশ মেমো দিতে হবে। ফ্যাকো সার্জারির পর রোগীকে লেন্সের প্যাকেট সরবরাহ করতে হবে। লেন্সের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদক দেশ এবং সর্বোচ্চ খুচরামূল্য উল্লেখ থাকতে হবে, যাতে সার্জনেরা সেটি দেখে নির্দেশনা দিতে পারেন।

এখন থেকে নির্ধারিত মূল্যে রোগীদের লেন্স সংযোজনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। ঔষধ ও কসমেটিক আইন ২০২৩–এর ৩০ (১) ধারা অনুসারে, চোখের লেন্সের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।