নুহাশ আলমঃ চট্টগ্রামের আগ্রাবাদে শুরু হলো ৩ দিন ব্যাপী ৪র্থ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৩।
শনিবার (২১ জানুয়ারি) নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে এই মেলার শুভ উদ্ভোদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট এখন জনপ্রিয়। সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশে পরিণত করা। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে আইটি সেক্টরের। তিনি আরো বলেন-বিজনেস সেক্টরকে অটোমেশনের আওতায় আনা প্রয়োজন। এজন্য চট্টগ্রামের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মাধ্যমে কর্মীদেরকে দক্ষ করে গড়ে তোলার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- জাতীয় অর্থনীতিতে আইসিটি সেক্টর বড় ধরণের ভূমিকা রেখে আসছে যা বড় উদাহরণ হলো ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হলে স্মার্ট মানবসম্পদ গড়ে তুলতে হবে। এজন্য আইটি সেক্টরের পাশাপাশি জ্ঞান ও বুদ্ধিভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

এসসিআইটিপি’র সভাপতি আবদুল্লাহ ফরিদ বলেন- ব্যবসা-বাণিজ্যে আইটি সম্প্রসারণ এখনো পুরিপূর্ণভাবে হয়ে উঠেনি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শতভাগ ডিজিটাইজেশনে আনার জন্য চিটাগাং চেম্বারকে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সোসাইটি অব আইটি প্রফেশনালস’র সভাপতি আবদুল্লাহ ফরিদ ও ইউনিক বিজনেস সিস্টেমস লিঃ’র জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী, প্রাক্তন পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও কামাল মোস্তফা চৌধুরী, মেলার প্লাটিনাম স্পন্সর এফ-ফাইভ, গোল্ড স্পন্সর বেনকিউ, সিলভার স্পন্সর এ্যারোডেক, ভেলোসিটি ও সফোজ, টেকনোলজি পার্টনার লিংথ থ্রি এবং অংশগ্রহণকারী ৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
উল্লেখ্য, এই মেলা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।