সীন্দবাদ ডেস্ক: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় ‘থাইল্যান্ড ট্রেড ফেয়ার: টপ থাই ব্র্যান্ডস- ২০২৩’ হতে যাচ্ছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় অবস্থিত রয়েল থাই অ্যাম্বাসির অফিস অব কমার্শিয়াল অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর খেমাতাত আরচাওয়াথাম্রং এ তথ্য জানান।
তিনি বলেন, ৪ দিনব্যাপী এ মেলা আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এই মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, মেলায় স্বাস্থ্য পরিষেবা, কৃষি যন্ত্রপাতি, লুব্রিকেন্ট, নির্মাণ সামগ্রী, এয়ারলাইনস, স্টেশনারি, গৃহস্থালি ও আসবাবপত্র, খাদ্য, গয়না, শিশু পণ্যসহ নানা ধরনের বিশ্বমানের থাই পণ্য প্রদর্শন করা হবে।
সেই সঙ্গে থাই শেফ এর মাধ্যমে বিভিন্ন রান্নার কলাকৌশল সরাসরি দেখানো হবে বলেও জানান তিনি।
খেমাতাত আরচাওয়াথাম্রং বলেন, মেলায় আগতদের থাই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই সঙ্গে থাকছে ব্যবসায়িক মিটিংয়ের সুযোগ ও র্যাফেল ড্র।
র্যাফেল ড্রতে বিজয়ীদের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট জেতার সুযোগ থাকবে বলে জানান তিনি।
এই মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। এতে ৫০টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অংশ নেবে এবং তাদের পণ্য প্রদর্শন করবে।
থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইপিটি) মেলাটির আয়োজন করছে। বাংলাদেশে নিযুক্ত থ্যাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর মেলার উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ইন্টারন্যাশনাল ট্রেড স্পেশালিস্ট মো. ফরহাদ আলী, কাজী শাকিক বিন আরশাদ, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্কোয়াড মাইন্ড গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফয়সাল মোমিন প্রমুখ।







