সীন্দবাদ ডেস্কঃ চট্টগ্রামে বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে।
০৫ মার্চ (রবিবার)চট্টগ্রাম বন্দর, সিইপিজেড ও কাটগড় হালিশহর এলাকার মধ্যবর্তী স্থানে সল্টগোলা এলাকায় অবস্থিত বিজিএমইএ হাসপাতালে পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারী ও স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন কার্যক্রম-এর শুভ উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান।

উদ্বোধন কালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), এম. এহসানুল হক, বিজিএমইএ হাসপাতালের পরিচালক ইনচার্জ মিরাজ-ই-মোস্তফা কায়সার, বিজিএমইএ হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী ও প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ সহ বিভিন্ন পোশাক শিল্পের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন- পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ’র সিএসআর কার্যক্রমের আততায় বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঢাকা, চট্টগ্রাম ও নারায়নগঞ্জে বিজিএমইএ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এ শিল্পের শ্রমিক-কর্মচারী সহ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হচ্ছে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে বিজিএমইএ স্কুল হতে পাঠদান ও শিক্ষা উপকরণ প্রদান করা, শ্রমিকদের উন্নত বসবাসের জন্য ডরমিটরী স্থাপন সহ বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনে বিজিএমইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বিজিএমইএ হাসপাতালের সেবা প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আরো বলেন- চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ও স্থানীয় জনসাধারণের উন্নত স্বাস্থ্য সেবায় বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার-এর কার্যক্রম বেগবান করার লক্ষ্যে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ হাসপাতালকে অন্যান্য রোগ নিরূপনকারী অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে সজ্জিত করা হবে।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম- বিজিএমইএ’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসাবে বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার কোভিড কালীন সময়ে শ্রমিক কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করেছে। চট্টগ্রামে শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় উন্নত সেবা প্রদানে বিজিএমইএ হাসপাতালের কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন।