বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তাই বিকল্প রুটে সেন্টমার্টিন যাচ্ছেন পর্যটকরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করেছে। পর্যটকরা বিকল্প এ পথ ব্যবহার করে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
গেছে বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ করার এ সিদ্ধান্ত হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে এটি সাময়িক সময়ের জন্য। যেহেতু মিয়ানমার সীমান্তে সংঘাতময় পরিস্থিতি চলমান। সব স্বাভাবিক হয়ে গেলে আবার এ পথে জাহাজ চলতে পারবে।
তিনি আরও জানান, পর্যটকরা চাইলে এখন কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। সেখানে ভ্রমণে কোন নিষেধাজ্ঞা নেই







