সীন্দবাদ ডেস্ক: জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট ৬০ একর জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে।

১ জানুয়ারি (রবিবার) বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আলী আহসান এবং ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম মাহবুবুল আলম।
প্রায় হাজার মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টির সম্ভানায় ২০২১ সালে ফারভেন্ট মাল্টিবোর্ড তাদের কার্যক্রম শুরু করে। ৬০ একর জমিতে প্রায় ৯৩ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সার্বিক কর্মকাণ্ডে প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বরাদ্দকৃত জমিতে শিল্প নির্মাণের পাশাপাশি প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, সড়ক, ডরমিটরি এবং সবুজায়ন করা হবে। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব রোধে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘দেশের অন্যতম স্বনামধন্য হাই-টেক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক এ শিল্পের সঙ্গে রয়েছেন। তিনি তার অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটিকে বিশ্বের দরবারে নিয়ে যাবেন। তিনি প্রতিষ্ঠানটিকে তাদের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান।’
নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বেজা বাংলাদেশে বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। তাই প্রতিনিয়তই পরিকল্পিত শিল্প নির্মাণের জন্য বেজার আওতায় জমির চাহিদা বাড়ছে। জামালপুরে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ইউটিলিটিসহ সব সুবিধা বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এ অঞ্চল উন্নয়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষ শিল্পায়নের সুবিধা ভোগ করবে।’