সীন্দবাদ ডেস্ক : ‘কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চলতি বছরে উদযাপিত হল ১৬ তম জাতীয় আয়কর দিবস। দিবসটি উপলক্ষে সকল আয়কর অফিস সজ্জিত করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১৬তম জাতীয় আয়কর দিবস পালন করা হয়। সকাল বেলা বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। এরপর এনবিআরের সম্মেলন কক্ষে ‘নুতন আয়কর আইন এবং কর পরিপালন : পরিবর্তিত প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর, যদিও ২০০৮ সাল থেকে ১৫ সেপ্টেম্বর উদযাপিত হত। ৩০ নভেম্বর ব্যক্তি শ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ারও শেষ দিন।
আয়কর নির্দেশিকা ২০২৩-২৪ অনুযায়ী ৪৪ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যে কারণে রিটার্ন দাখিলের কোনো বিকল্প নেই ই-টিআইএনধারীদের।
দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। গত অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার রিটার্ন দাখিল করা হয়েছিল।
সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে চার লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লাখ টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। চলতি অর্থবছর থেকে শুধু রিটার্ন দাখিল করলেই হবে না, বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে।







