সীন্দবাদ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় তিন বাণিজ্যিক জাহাজের উপর হামলা করেছে ইয়েমেনের হুথি। হামলার পেছনে ইরান যুক্ত রয়েছে বলে ধারনা করা হচ্ছে। এসময়ে ইসরায়েলি দুটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।
রোববার (৩ ডিসেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ হামলার খবর জানায়।
মার্কিন সেনারা জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সাহায্যের ডাকে সাড়া দেয় যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে।
মার্কিন সামরিক বাহিনী বলেছে, বাণিজ্যিক জাহাজকে সাহায্যকালে কার্নি তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে। তবে যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তু ছিল কিনা তা স্পষ্ট নয়। হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ইয়েমেনের হুথিদের এ হামলার পেছনে ইরানের যুক্ত রয়েছে, এ ধারণা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে।”আন্তর্জাতিক মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ হামলার উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র।
হুথিদের মুখপাত্র জানান, ইয়েমেনের জনগণের দাবি ও ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী দেশগুলোকে আহ্বান জানাতে এ হামলা চালানো হয়েছে।
এর পূর্বেও লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা করেছে হুথিরা। মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করছে তারা। এ সব ঘটনায় বরাবরই ইরানের সংশ্লিষ্টতার দাবি করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে তেহরান সেই দাবি নাকচ করে দিয়েছে।
খবরে- রয়টার্স







