সীন্দবাদ ডেস্ক :: চট্টগ্রামে মেরিন একাডেমিতে বক্তব্যকালে খালিদ মাহমুদ চৌধুরী এমপি মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। এরসাথে চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য সকল বন্দরের উন্নয়নেনর কথাও মনে করিয়ে দেন।
রবিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৭তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ক্যাডেটদের সালাম গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করা হচ্ছে। বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে। মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। মোংলা বন্দরের আপগ্রেডেশন হচ্ছে। নতুন পায়রা বন্দরের কাজ চলমান। বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, নতুন নতুন মেরিন একাডেমি, মেরিটাইম ইনস্টিটিউট নির্মাণ হচ্ছে। এসব নির্মাণের ফলে বাংলাদেশের মেরিটাইম সেক্টর আরো এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টরের স্থপতি ও মেরিটাইম শিক্ষার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর পরই বৃটিশ সরকারের কারিগরি সহায়তায় বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে ডেভেলপমেন্ট অব মেরিন একাডেমি নামে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটির আওতায় একাডেমির সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ শুরু হয় এবং পর্যায়ক্রমে এটি একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত হয়।
উন্নতির স্বর্ণশিখরে আরোহণের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। উপযুক্ত শিক্ষা আর প্রশিক্ষণের যুগপৎ সমন্বয়ে সফলতা সুনিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার গুরুত্ব অনুধাবন করেছেন। নারী শিক্ষার বিষয়ে তিনি আপসহীন। তারই উৎসাহে ২০১২ সাল থেকে এ একাডেমিতে ফিমেল ক্যাডেটরা যোগ দেয়ার সুযোগ লাভ করেছে। প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ক্যাডেটদের প্রশিক্ষণ ফি ৪ লাখ টাকা থেকে হ্রাস করে ১ লাখ টাকা করা হয়েছে। মেরিন একাডেমির তিন বছর মেয়াদি ব্যাচেলর (পাস) ডিগ্রি কোর্সকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে উন্নীত করা হয়েছে। মেরিটাইম সেক্টরে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং সিলেট, রংপুর, বরিশাল ও পাবনায় চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। পেশাগতভাবে দক্ষ, বুদ্ধিদীপ্ত ও চৌকস মেরিন ক্যাডেট তৈরির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জানান, ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) নির্বাহী পরিষদে বাংলাদেশ ক্যাটাগরি সি-তে জয়লাভ করেছে। বিজয়ের মাসে এটি আরেকটি বড় অর্জন। এ অর্জন বাংলাদেশের বৈশ্বিক মেরিটাইম সেক্টর ও সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমর্থনের প্রমাণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন আইকে তৈমুর উপস্থিত বক্তব্য রাখেন। নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম ও বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হকসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৭তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন এর সেরা ক্যাডেট নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছেন রোকনউদ্দিন চৌধুরী। সিলভার মেডেল পেয়েছেন রিফাত তালুকদার ও মো. আল আমিন তালুকদার। দ্বিতীয় শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের গোল্ড মেডেল পেয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ আবিদুর রহমান। দুই বছর মেয়াদি এ শিক্ষা কোর্সে ২৭২ জন অংশ নেন।







