ছবি: প্রতীকী

সিরাজুর রহমান, নাটোর: টাইমস অব ইন্ডিয়া নিউজের দেয়া তথ্যমতে, সাম্প্রতিক সময়ে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা হ্রাস পেয়েছে। মূলত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এর প্রতিবেদনের হিসেব অনুযায়ী গতকাল ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৮.৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫৬৬.৯৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা ছিল কিনা বিগত ১১ মাসের মধ্যে সবচেয়ে কম বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তাছাড়া দেশটির ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাওয়ার পাশাপাশি স্বর্নের রিজার্ভ ৯১৯ মিলিয়ন ডলার কমে ৪২.৮৬২ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে।

যেখানে চলতি ২০২৩ সালের ২০শে জানুয়ারি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১.৭২৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫৭৩.৭২৭ বিলিয়ন ডলার হয়েছিল। আবার ২০২১ সালের ৩১শে ডিসেম্বরের হিসেব অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশটির ইতিহাসে রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে ৬৩৩.৮৬ বিলিয়ন ডলারে পৌঁছে যায়।

তবে বিশ্বের একক কোন দেশ হিসেবে সর্বোচ্চ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে রেড জায়ান্ট চীনের কাছে। চলতি ২০২৩ সালের জানুয়ারি মাস শেষে চীনের ভান্ডারে ৩.১৮৪৫ ট্রিলিয়ন ডলার বা ৩,১৮৫ বিলিয়ন ডলারের বিশাল আকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে।

এদিকে সেন্ট্রাল ব্যাংক অব পাকিস্তানের দেয়া তথ্যমতে, গত ১০ই ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭৬ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৩.১৯৩ বিলিয়ন ডলারে উঠে এসেছে। যদিও দেশটির বানিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৫.৫০৯ বিলিয়ন ডলার। সে হিসেবে পাকিস্তানের হাতে বর্তমানে মোট ৮.৭০২ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যমতে, চলতি ২০২৩ সালের ৩১শে জানুয়ারিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.২২৩ বিলিয়ন ডলার। যেখানে গত ২০২১ সালের আগস্ট মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮.০৬ বিলিয়ন ডলার। এটিই ছিল আসলে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফরেক্স রিজার্ভের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শ্রীলংকা। চলতি ২০২২ সালের ডিসেম্বর মাস শেষে শ্রীলংকার হাতে মাত্র ১.৮৯৬ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল। যা কিন্তু কোন ভাবেই দেশটির সার্বিক আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ঠ নয়। তাছাড়া চলতি ২০২৩ সালের জানুয়ারি মাস শেষে নেপালের ৯.১ বিলিয়ন ডলার এবং ভুটানের ৭৯৮ মিলিয়ন ডলার (অক্টোবর ২০২২) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল। তাছাড়া গত জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী মালদ্বীপের কাছে ৭৮১.১৫ মিলিয়ন ডলারের ফরেক্স রিজার্ভ রয়েছে।