সীন্দবাদ ডেস্ক :: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানবহরে যুক্ত হয়েছে দ্বিতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। নতুন যুক্ত হওয়া এয়ারবাসের আসনসংখ্যা ৪৩৬। এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলাদেশের বৃহৎ এয়ারলাইনস ইউএস-বাংলা।

শনিবার (৬ এপ্রিল) চীনের গুয়াংজু থেকে ভোরে ০৫:৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ারবাসটি। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে এয়ারলাইনস সংস্থাটি অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

ইউএস-বাংলা‘র বহরে ২৪তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।