সীন্দবাদ ডেস্ক : বিপিসি কর্তৃক ২০২৪ সালের জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং আন্তর্জাতিক কোটেশনে ৩০ লাখ ৬৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব সমুহর অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

সাঈদ মাহবুব খান বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সৌদি আরবের সৌদি আরামকো থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রুড (এএলসি) অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ বাবদ ব্যয় অনুমোদনের পরিমান ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এডিএনওসি থেকে ২০২৪ সালের জন্য ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করা হবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।