সীন্দবাদ ডেস্ক : পরিবেশ বন্ধব পাট ও পাটজাত পণ্য সমৃদ্ধিতে বিশ্বব্যাপী বন্ধু ও সহযোগী সকলকে অংশীদার হবার আহবান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে আয়োজিত ‘প্রজেক্টিং জুট অ্যাজ দ্য ফাইবার অব দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসকল সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পাট পণ্যের প্রদর্শনী ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়।

শাহরিয়ার আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পাট নিয়ে কৌশলগত ক্যাম্পেইন পরিচালনায় আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রধান পণ্য হিসেবে পাটকে দেখতে চাই। এ যাত্রায় বিশ্বব্যাপী আমাদের বন্ধু ও সহযোগীদের অংশীদার হওয়ার আহ্বান জানাই। আমাদের পাট গবেষক দল প্লাস্টিকের বিকল্প প্যাকেজিংসহ অসংখ্য উদ্ভাবনী পণ্য তৈরি করেছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক যে পানি ও মাটির সঙ্গে অপচনশীল দ্রব্য মিশে যাচ্ছে। যেটি আমাদের পরিবেশ ও ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতি করছে। পাট ও অন্যান্য প্রাকৃতিক ফাইবার এর বিকল্প সমাধান হতে পারে।

প্রতিমন্ত্রী যে পাঁচটি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন-
অপচনশীল বস্তুর বিকল্প হিসেবে পাটকে পরিবেশবান্ধব পণ্য হিসেবে প্রচার করুন।
কৃষক ও উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে পাট ও পাটজাত পণ্যের অবাধ ও মুক্তবাজার নিশ্চিত করুন।
পাটজাত পণ্য বৈচিত্র্যকরণ ও উচ্চমানের পাটপণ্য তৈরিতে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করুন।
কাঁচা পাট প্রক্রিয়াকরণ, পরিশোধন, গুণগত মান নিশ্চিত ও দূষণ রোধে পর্যাপ্ত পণ্যের ডিজাইন ও উন্নয়নে সহায়তা করুন।
বিশ্বব্যাপী তরুণদের মাঝে পাটজাত পণ্য ব্যবহার একটি লাইফস্টাইল হিসেবে ছড়িয়ে দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি।