সীন্দবাদ ডেস্ক: মার্কিন জ্বালানি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে এলএনজি ক্রয়-বিক্রি ও খাতের সম্প্রসারণে দীর্ঘমেয়াদি চুক্তি করল পেট্রোবাংলা। পেট্রোবাংলার বোর্ডসচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
অনুষ্ঠানে ক্রয় কমিটির সভায় এলএনজি সরবরাহ ও এই খাতের সম্প্রসারণে কোম্পানিটির সেবা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। চুক্তি অনুযায়ী এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ হতে ১৫ বছর মেয়াদে ০.৮৫-১.০ এমটিপিএ এলএনজি আমদানি হবে। এ ছাড়াও ২০২৬ সাল থেকে ইজিএমএলপি এলএনজি সরবরাহ করবে বলে জানা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানই একটি চ্যালেঞ্জ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যথাযথ বিকাশের জন্য আগামী ১০ বছরে ২০০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। সামনে বিশাল বিনিয়োগের সুযোগ হবে। গভীর সমুদ্রে অনুসন্ধান কাজেও ব্যাপক বিনিয়োগ আসবে।