সীন্দাবাদ ডেক্স : কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্পের খরচ বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭৬ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১ লাখ ৭ হাজার টাকা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের এই প্রকল্পের বাড়তি ব্যয় বহন করতে হবে মার্কিন ডলারে।

বুধবার (১৫ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্ব করেন। কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খননের ব্যয় বৃদ্ধির (ভ্যারিয়েশন) পাঁচটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খননের দিকনির্দেশনামূলক তুরপুন সেবা (ডিরেকশনাল ড্রিলিং সার্ভিস) বাড়াতে বাড়তি লাগবে ১ লাখ ৮ হাজার ৪৭৬ মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরাতের আল ম্যানশনারি পেট্রোলিয়াম সার্ভিস এলএলসি দেবে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের জন্য সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে মোট ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল (গ্যাস ওয়েল, মোগ্যাস, ফার্নেস অয়েল এবং মেরিন ফুয়েল) আমদানি করা হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে। ক্রয় কমিটির পাশাপাশি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

৮ নম্বর কূপ প্রকল্পের ডিএসটি অ্যান্ড প্রোডাকশন টেস্টিং সার্ভিস বাড়াতে বাড়তি খরচ ৩৪ হাজার ৫৪৪ মার্কিন ডলার দেবে সংযুক্ত আরব আমিরাতের আল ম্যানশনারি পেট্রোলিয়াম সার্ভিস এলএলসি।

এ প্রকল্পের জন্য আরেক ক্রয় প্রস্তাবে সিমেন্ট, সিমেন্ট সংযোজন এবং সরঞ্জামসহ কিছু পরিষেবা বাড়াতে বাড়তি ৮০ হাজার ৭৭৯ মার্কিন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে। এ সেবা নেওয়া হবে এমএস হ্যালিবার্টন ইন্টারন্যাশনাল জিএমবিএইচ থেকে।

প্রকল্পটির আওতায় আরেক প্রস্তাবে চীনের এম/এস চায়না পেট্রোলিয়াম লগিং কোম্পানি লিমিটেডকে ওয়ারলাইন লগিং সেবা বাড়াতে বাড়তি দেওয়া হবে ১ লাখ ২০ হাজার ৭০১ মার্কিন ডলার।

কৈলাশটিলা ৮ নম্বর কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্পের কোর এবং পিভিটি বিশ্লেষণ পরিষেবা বাড়াতে বাড়তি যে ২০ হাজার ১০৭ মার্কিন ডলার ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তা প্রতি ডলারে ১১০ টাকা দরে হিসাব করলে দেখা যায়, খরচ বাড়ছে চার কোটি টাকারও বেশি।