সীন্দবাদ ডেস্ক : মেসার্স ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেড নামে চীনা প্রতিষ্ঠান একটি টেক্সটাইল ইয়ার্ন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে উত্তরা ইপিজেডে।
কারখানাটি ১ হাজার ৮১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এবং বার্ষিক ১২ হাজার টন ডাইড টেক্সটাইল ইয়ার্ন উৎপাদন করার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি সই করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ মিন। ২ কোটি ৮২ লাখ মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়।
বিনিয়োগের জন্য উত্তরা ইপিজেডকে নির্বাচন করায় নির্বাহী চেয়ারম্যান ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডকে ধন্যবাদ জানান। পটুয়াখালী ও যশোর ইপিজেড স্থাপনের কথা উল্লেখ করে তিনি সেখানে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান।

ইউ মিন জানান, ইপিজেডে এটা তাঁদের প্রথম বিনিয়োগ এবং এখানে তাঁদের আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তাঁরা কারখানার উৎপাদন শুরু করতে পারবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এবং অন্যান্যদের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।