সিন্দবাদ ডেস্ক : বাজারে টাকার সরবরাহ কমলে পণ্যের মূল্য কমাবে এমন তথ্যের ভিত্তিতে মাসের পর মাস সুদের হার বৃদ্ধি করছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের জন্য সুদের হার ১১.৮১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে সুদের হার ১১.৮১ শতাংশ, যা নভেম্বরে ছিল ১১.১৮ শতাংশ। অক্টোবরে গ্রাহক পর্যায়ে সুদের হার ছিল ১০.৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ১০.৭০ শতাংশ, আগস্টে ১০.১৪ শতাংশ এবং জুন ও জুলাই মাসে একই হারে তথা ১০.১০ শতাংশ হারে ঋণ বিতরণ করে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যায়, ছয় মাসের (জুন-নভেম্বর) ট্রেজারি বিলের গড় সুদের ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ব্যাংকের স্মার্ট সুদের হার দাঁড়িয়েছে ৮.০৬ শতাংশ। সেই সঙ্গে বেঞ্চমার্ক পদ্ধতিতে মার্জিন যোগ হবে ৩.৭৫ শতাংশ। এই দুই সুদহারের যোগফল মিলে গ্রাহক পর্যায়ে ব্যাংকের সুদের হার হবে ১১.৮১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, স্মার্ট পদ্ধতিতে সুদের হার হঠাৎ করে বৃদ্ধি বা হ্রাস পায় না। ছয় মাসের গড় ভিত্তিতে সুদহার ঠিক করে তার সঙ্গে মার্জিন ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যা ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে নির্ধারণ করে।

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, নভেম্বরে স্মার্ট সুদের হার ১০.০৯ শতাংশ। নভেম্বরসহ গত ৬ মাসের গড় হিসাবে সুদের হার দাঁড়ায় ৮ দশমিক শূন্য ৬ শতাংশ। সেই সঙ্গে গ্রাহক পর্যায়ে মার্জিন হিসাবে ৩ দশমিক ৭৫ শতাংশ যোগ করে গড় ডিসেম্বরে সুদ হতে যাচ্ছে ১১ দশমিক ৮১ শতাংশ, যা ২০২০ সালের এপ্রিল মাসের পরে সর্বোচ্চ সুদের হারের রেকর্ড। নভেম্বরে স্মার্ট সুদের হার ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর এখন কোনো বিকল্প দেখছি না। ব্যাংকঋণের সুদহার বাড়লে আগের চেয়ে কম ঋণ গ্রহণ করবে মানুষ। পক্ষান্তরে যাদের কাছে টাকা রয়েছে বেশি মুনাফা পাওয়ার আশায় তারা ব্যাংকে টাকা রাখবে। এতে ধীরে ধীরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সুদের হার পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক।

নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার বিদ্যমান শতকরা ৯.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯.৭৫ শতাংশ এবং করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ডিসেম্বর থেকে সুদের হার বেড়ে যাচ্ছে।