বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে ১,৪০৪ টাকা নির্ধারণ করেছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসের জন্য এ দাম ঘোষণা করে বিইআরসি।
নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
সম্মেলনে জানানো হয়, এবার আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও ডলারের দাম বাড়ায় দেশের বাজারে এলপিজির দাম বেড়েছে। নভেম্বরে ডলারের গড় দর ছিল ১১৩.৯২ টাকা, চলতি মাসে যা বেড়ে ১১৬.৩৯ টাকা হয়েছে।
প্রতি কেজির দাম ১১৭ টাকা ২ পয়সা ধরে ডিসেম্বর মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে রেটিকুলেটেড এলপিজির দাম ১১৩ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে এবং ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান নূরুল আমিন বলেন, বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাড়তি দামে এলপিজি বিক্রি করায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।







