সীন্দবাদ ডেস্ক : রাষ্ট্রীয় কোষাগারে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চমূল্য সংযোজন কর (মূসক) প্রদান করার স্বীকৃতি পায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়। জাতীয় পর্যায়ে সেবা খাতে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের এ সম্মাননা পেলো বিকাশ।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
প্রতিবারের মতো এবারও উৎপাদন, ব্যবসা ও সেবা—এই তিন শ্রেণিতে তিনটি করে মোট ৯ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান করে এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করে এনবিআর।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে সব নিয়ম মেনে এক যুগেরও বেশি সময় ধরে বিকাশ গ্রাহকদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও ঝামেলামুক্ত ডিজিটাল ফিন্যান্সিয়াল ও পেমেন্ট সেবা দিয়ে আসছে। বিকাশের প্ল্যাটফর্মে হওয়া প্রতিটি লেনদেনের জন্য প্রযোজ্য ভ্যাট ও ট্যাক্স উৎস থেকেই সংগ্রহ করে সরাসরি সরকারি কোষাগারে জমা করে বিকাশ। টানা দ্বিতীয়বারের মতো সেবা খাতে দেশের সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে এই অর্জন আমাদের আরও উজ্জীবিত করবে এবং দেশের উন্নয়নে আরও বলিষ্ঠভাবে কাজ করতে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা) ড. মো. সহিদুল ইসলাম, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।







