সীন্দবাদ ডেস্ক : আইএমএফ থেকে দ্বিতীয় ধাপে ৬৮৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ডিসেম্বর মাসে ১.৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ১.৩১ বিলিয়ন ডলার নতুন করে যোগ হবে।
বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মেজবাউল হক বলেন, আইএমএফ ঋণের পাশাপাশি আগামী সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাংলাদেশ ৪০০ মিলিয়ন ডলার ঋণ পাবে। চলতি ডিসেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে আরও ৯০ মিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার আসবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় দ্বিতীয় কিস্তির ডলার ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।







