সীন্দবাদ ডেস্কঃ বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন পিছিয়ে পড়তে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ’র নেতৃবৃন্দ।
সম্প্রতি সরকার কর্তৃক বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য ৮% বৃদ্ধির (গড়ে ৭০ পয়সা বৃদ্ধি) কারণে পোশাক শিল্পের উৎপাদন খাতে খরচ বৃদ্ধি পাবে, যাহা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের। ফলে মুদ্রাস্ফীতির কারণে রপ্তানি আদেশ দিন দিন কমে যাচ্ছে। অপর দিকে বিদ্যুতের লোড শেডিং সহ মূল্য বৃদ্ধির কারণে পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা দূরহ হয়ে পড়ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তৈরী পোশাকের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। ফলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যার কারণে শ্রমিক অসন্তোষ সহ এই সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ আশংকা রয়েছে মর্মে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহ- সভাপতি রাকিবুল আলম চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিজিএমইএ’র একটি লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষপটে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও টালমাটাল অবস্থা বিরাজ করছে। এই প্রেক্ষিতে সরকার কর্তৃক বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য বৃদ্ধির কারণে পোশাক শিল্পের উৎপাদন ব্যয় আরো বৃদ্ধি পেয়ে রপ্তানি বাঁধাগ্রস্থ হবে।
উল্লেখ্য, গত ২০২২-২০২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪৬.৮০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও ০.১৯ বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি করেছে। এর ধারাবাহিকতায় জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প সংশ্লিস্ট খাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ সরকারের নিকট বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।







