সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য এ বছর পূরণ হবে না। বরং চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামতে পারে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে ১.৬ শতাংশীয় পয়েন্ট কম। এমনটা বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনের চলতি জানুয়ারি সংস্করণে ২০২৪-২৫ অর্থবছরের পূর্বাভাসে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগ ও শিল্প খাতে ভাটা’র টানে বাংলাদেশের অর্থনীতি মন্থর হয়ে যাবে, অন্যদিকে মূল্যস্ফীতি থাকবে চড়া। রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমিয়েছে, সঙ্গে কমেছে বিনিয়োগকারীদের আস্থাও। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশে নামতে পারে।

প্রতিবেদন হতে আরো জানা যায়, জ্বালানি সংকট ও আমদানিতে বিধিনিষেধ এবং সীমিত সরবরাহ শিল্প কর্মকাণ্ড দুর্বল করে ফেলেছে। এতে মূল্যের চাপ আরও বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা।

তবে চলতি বছর বাংলাদেশে জিপিডি প্রবৃদ্ধি কমলেও আগামী ২০২৫-২৬ অর্থবছরে তা বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৪ শতাংশ হতে পারে। এছাড়া দেশে রাজনৈতিক পরিস্থিতিরও আরও উন্নতি হতে পারে। এর সঙ্গে আর্থিক খাতে সংস্কার ও ব্যবসার পরিবেশে উন্নতি হতে পারে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

এছাড়াও পূর্বাভাস অনুযায়ী, আগামী অর্থবছরে ভারতে ৬.৭, নেপালে ৫.১ শতাংশ, শ্রীলঙ্কায় (২০২৫) ৩.৫ এবং পাকিস্তানে ২.৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।