সীন্দবাদ ডেস্ক: চলতি জানুয়ারি মাসে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে যা ইতিবাচক সংকেত। প্রবাসী আয়ের ১৫৩ কোটি ডলার জানুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত দেশে এসেছে যা বাংলাদেশের রিজার্ভের জন্য আশার স্থল এবং বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করছেন গত ডিসেম্বর থেকেও বেশি রেমিট্যান্স জানুয়ারিতে পাওয়া যাবে।

প্রবাসীরা সহজেই বিদেশ থেকে টাকা পাঠাতে সরকার প্রণোদনার ব্যবস্থা করলেও মাঝে বাংলাদেশে রেমিট্যান্স খুব কম হয়। কিন্তু সরকারের আরো নানান পদক্ষেপের কারণে রেমিট্যান্স এর বৃদ্ধির ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে- ব্যাংকিং চ্যানেলে গত ২৪ জানুয়ারি পর্যন্ত গড়ে দৈনিক ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে; যা গতবছরের ওই সময়ে দৈনিক গড় রেমিট্যান্স ছিল ৫ কোটি ৪৯ লাখ ডলার এবং পুরো মাসে মোট ১৭০ কোটি ৪৫ লাখ ডলার এসেছিল। আর গত বছরের ডিসেম্বরে দৈনিক গড়ে এসেছিল ৫ কোটি ৪৮ লাখ ডলার এবং পুরো মাসে মোট রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার। তার আগের মাসে (নভেম্বরে) গড়ে দৈনিক ৫ কোটি ৩১ লাখ ডলার আসে এবং পুরো মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ডলার।

বৈশ্বিক উদ্ভূত পরিস্থিতির কারণে ডলার সংকটের মধ্যে প্রবাসীদের আয়ও কমে যাওয়ায় গত অর্থবছর থেকেই বৈদেশিক লেনদেনে চাপে রয়েছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছর নেতিবাচক প্রবণতায় শেষ হয়। আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ রেমিট্যান্স কম এসেছিল। তবে চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুতেই ইতিবাচক ধারায় ফেরে রেমিট্যান্স প্রবাহ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়। দ্বিতীয় মাসেও সমপরিমাণ প্রবৃদ্ধি হয়; কিন্তু কমতে শুরু করে সেপ্টেম্বর ও অক্টোবরে। এ দুই মাসেই আগের বছরের একই সময়ের চেয়ে কম আসে প্রবাসী আয়। তবে নভেম্বর ও ডিসেম্বর আবার বাড়তে শুরু করে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে।