লাইবেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা‘ ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে যাত্রা শুরু করে
মোংলা বন্দর চালুর ৭২ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক কয়লার চালন নিয়ে লাইবেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা‘ নামে জাহাজ

সীন্দবাদ ডেস্কঃ মোংলা বন্দর চালুর ৭২ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক কয়লার চালন নিয়ে লাইবেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা‘ নামে জাহাজ ভিড়েছে। এত পরিমাণে কয়লা নিয়ে এর আগে কোনো জাহাজ এ বন্দরে ভেড়েনি বলে দাবি কর্তৃপক্ষের।

রবিবার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বিষয়টি শনিবার (১১ নভেম্বর) রাতে নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

লাইবেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা‘ ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে ৬২ হাজার ৫০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে যাত্রা শুরু করে। ৭২ বছরের মধ্যে সবচেয়ে বড় কয়লার চালান নিয়ে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। এ অবস্থায় ৩১ হাজার ৫০০ টন কয়লা খালাস করে এবং বাকি ২৯ হাজার টন কয়লা নিয়ে বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করে। দু-একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশী এই জাহাজ।

জাহাজটির স্থানীয় এজেন্ট সুলতান শিপিং লাইনসের কর্মকর্তা মাহমুদুল হক রাজু বলেন, এ কয়লা বেসরকারি একটি কোম্পানির জন্য আমদানি করা হয়েছে। খালাস শেষে ছোট লাইটার জাহাজে করে খুলনার রূপসায় নেয়া হচ্ছে।

মোংলা বন্দরের গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, নিয়মিত ড্রেজিংয়ের ফলে গভীর ড্রাফটের যেকোনো জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এছাড়া যেকোনো পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে জাহাজ থেকে পণ্য খালাস করায় বিদেশীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।