সীন্দবাদ ডেক্স : চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে এ টার্মিনাল নির্মাণে ব্যয় হয়। এই টার্মিনাল ব্যবহারে দেশের আমদানি রফতানির বাণিজ্যে গতি বৃদ্ধির পাশাপাশি বাড়বে বন্দরের রাজস্ব আয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বহুল আলোচিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের। একই সঙ্গে বে-টার্মিনাল মাস্টারপ্ল্যান সহ সারাদেশে ১৫৭ টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনি অনুষ্ঠান পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আয়েজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ বন্দর ব্যবহারকারী অংশীদাররা। আধুনিক ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এ টার্মিনালটি অতিদ্রুত অপারেশনে আসবে বলে জানা যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, এটি সম্পূর্ণ নতুন একটি টার্মিনাল। আধুনিক টার্মিনাল হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। এটি স্বতন্ত্র টার্মিনাল বা ইন্ডিপেন্ডেন্ট টার্মিনাল। এটি এ কারণে বলছি যে এই টার্মিনাল পরিচালনায় অন্য কোনো টার্মিনাল বা বন্দরের সহযোগিতা লাগবে না। একটি টার্মিনাল পরিচালনার জন্য যা যা দরকার, তার সবই এখানে আছে।
বঙ্গোপসাগরের মোহনা থেকে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থান পতেঙ্গা কনটেইনার টার্মিনালের। কোনো বাঁক না থাকায় খুব সহজেই এখানে ভিড়বে বড় বড় জাহাজ। প্রায় ৫৮৪ মিটার লম্বা তিনটি জেটিতে একসঙ্গে তিনটি কন্টেইনার জাহাজ এই টার্মিনালে ভেড়ানো যাবে। এছাড়া আরেকটি জেটিতে ভেড়ানো যাবে তেলবাহী একটি জাহাজ। বছরে প্রায় ৫ লক্ষ টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে বলে জানা যায়।







