চট্টগ্রাম বন্দরের ২৩০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) অপারেটর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে।

বুধবার (৬ ডিসেম্বর) ২২ বছরের জন্য সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন দিক পর্যবেক্ষন শেষে এই চুক্তি হতে যাচ্ছে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের দুটি কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে দেশীয় অপারেটর সাইফ পাওয়ার টেক। রেড সি হবে চট্টগ্রাম বন্দরের প্রথম বিদেশি অপারেটর। চুক্তির পর যন্ত্রপাতি স্থাপনসহ আনুষঙ্গিক দাপ্তরিক প্রক্রিয়া শেষে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অপারেশনে যাবে রেড সি গেটওয়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, উভয় পক্ষের জন্য ভালো একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তিতে দুই পক্ষই লাভবান হবে বলে মনে করছি। সৌদির রেড সি গেটওয়ে একটি বিখ্যাত কোম্পানি। তারা অনেক আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে, তাদের দক্ষতাও অনেক বেশি। তারা টার্মিনাল অপারেট করলে আমদানি-রপ্তানিকারকরা দ্রুত ভালো সার্ভিস পাবেন।