সীন্দবাদ ডেস্ক : বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানি আবার লোহিত সাগর দিয়ে জাহাজ চালানো শুরু করায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম।
বুধবার (২৭ ডিসেম্বর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রয়টার্স হতে জানা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৮ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে ৮০ দশমিক ৮৯ ডলারে নেমেছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৭৫ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট এবং এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মজুতের তথ্য বুধবার ও বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা থাকলেও বড়দিনের ছুটির কারণে তা পিছিয়ে গেছে।
গত মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে চলতি মাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। গেছে সপ্তাহে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। এর কারণ ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাতে যাচ্ছে এই আশায়।
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি সাংবাদিকদের বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ আরও অনেক দিন চলতে পারে। অন্যদিকে ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে কনটেইনারবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে।
হুতি বিদ্রোহীদের এ হামলা সত্ত্বেও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক টাস্কফোর্স টহল শুরু করায় মায়ার্সক ও ফ্রান্সের সিএমএ সিজিএমের মতো বড় জাহাজ কোম্পানিগুলো ওই সাগরপথে আবারও জাহাজ চালানোর ঘোষণা দিয়েছে। জার্মানির হাপাগ–লয়েড আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত গত সপ্তাহে ২ দশমিক ৬ মিলিয়ন বা ২৬ লাখ ব্যারেল কমেছে; যদিও গ্যাসোলিনের মজুত কিছুটা বেড়েছে।
অর্থনীতির নিয়ম অনুযায়ী, নীতি সুদহার কমানো হলে বাণিজ্যিক ঋণের সুদহার কমবে এবং অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে। তখন তেলের চাহিদাও বাড়বে।






