নিজস্ব প্রতিবেদকঃ দোহাজারী-কক্সবাজার রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ হাজার কোটি টাকায় নির্মিত আইকনিক স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার।
১১ নভেম্বর (শনিবার) কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে পা দিলো। এরই মাধ্যমে কক্সবাজার এলাকাবাসীর শত বছরের স্বপ্নপূরন হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অন্য সরকারের সময় রেল সবসময় অবহেলিত ছিল। এই সংযোগ পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আনবে।
আজ রেলের সাথে কক্সবাজার সংযুক্ত হলো। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য গর্বের দিন।
তিনি আরও বলেন, বাইরে থেকে কারও খবরদারি চলবে না। আগুন দিয়ে যারা মানুষ পোড়ায় তাদের চোখ না মনই অন্ধকার।
কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৪টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
কক্সবাজার-দোহাজারী রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধনের পর স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন প্রধানমন্ত্রী। পরে পতাকা উড়িয়ে ও হুইসেল বাজানোর মাধ্যমে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রী ট্রেনে রামু পর্যন্ত ভ্রমণ করবেন এরপর রামু থেকে হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যান।







