সিন্দবাদ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশ কমেছে। জ্বালানি তেল উত্তোলনকারীদের জোট ওপেক প্লাসের বৈঠক স্থগিত হওয়ার খবরে বাজারে এ নিম্নমুখী প্রভাব।
বৈঠকে উত্তোলন কমানোর সিদ্ধান্ত আরো কত সময় বহাল রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। বৈঠকে আফ্রিকার দেশগুলো উত্তোলন কমানোর সময়সীমা আরো বাড়ানোর বিরোধিতা করতে পারে। এমন আশঙ্কায় বৈঠক বিলম্বিত হচ্ছে বলে বাজারে গুঞ্জন ছড়িয়েছে। খবরে- রয়টার্স।
আইসিই ফিউচার্সে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ শতাংশ বা ৮৫ সেন্টে কমেছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮১ ডলার ১১ সেন্টে। আগের দিন মূল্য হারিয়ে প্রায় ৪ শতাংশ দরপতন ঘটে জ্বালানি তেলের।
এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলে ৭১ সেন্ট কমে মূল্য দাঁড়িয়েছে ৭৬ ডলার ৩৯ সেন্টে। আগের দিন ডব্লিউটিআইর দাম ৫ শতাংশ কমেছে।







