সীন্দবাদ ডেস্ক : ব্যাংক ও খোলা বাজারে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যকার ব্যবধানও অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলেছে। বাজারে নগদ ডলারের দামে ব্যবধান হচ্ছে ৭ থেকে ৮ টাকা। ব্যাংকে আমদানির ডলার বিক্রির দরের সঙ্গে নগদ ডলারের ব্যবধান হচ্ছে ৪ থেকে ৭ টাকা।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) সংগঠনের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে ডলারের দাম নির্ধারিত করে দেয়া হলেও বাজারে বেড়েছে ডলারের দাম।

বাজারে নিজস্ব গতিতে ঠিক করা দরেই ডলার বেচাকেনা হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে রোববার থেকে ডলারের নতুন দর কার্যকর হচ্ছে। রোববার থেকে প্রতি ডলার ব্যাংকগুলো কিনবে ১০৯ টাকা ৭৫ পয়সা করে। এ হিসাবে রপ্তানি আয় ও রেমিট্যান্সের ডলারও ওই দামে কিনতে হবে। বিক্রি করবে ১১০ টাকা ২৫ পয়সা করে। প্রতি ডলারের বিপরীতে আগের চেয়ে ২৫ পয়সা কমানো হয়েছে।

নগদ ডলার বেচাকেনার দাম ব্যাংকগুলোই এর দর ঠিক করবে। ফলে ব্যাংকগুলোতে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১৭ টাকা দরে। এছাড়া কোনো কোনো ব্যাংক ১১৬ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে ১১৫ টাকা ৫০ পয়সা দরেও ডলার বিক্রি করছে।

ফলে ব্যাংকে ডলার বেচাকেনায় ব্যবধান দাঁড়াচ্ছে ৫ থেকে ৭ টাকা। আগে এ খাতে ব্যবধান থাকত সর্বোচ্চ ৫০ পয়সা থেকে দেড় টাকা। এখন ব্যবধান বেড়েছে কয়েকগুণ।

এদিকে বাফেদার তথ্য অনুযায়ী, নগদ ডলারের গড় ক্রয় মূল্য হচ্ছে ১১৩ টাকা ৬৩ পয়সা, বিক্রির দর হচ্ছে ১১৪ টাকা ৭২ পয়সা। নগদ ডলারের দাম যাই হোক, বেশিরভাগ ব্যাংকেই নগদ ডলার পাওয়া যাচ্ছে না বললেই চলে।