সীন্দবাদ ডেস্ক : জ্বালানি তেলে সহ সকল খাতের খরচ বৃদ্ধির হিসেবে বিমান ভাড়া বাড়ার সম্ভাবনা থাকলেও, এ খাতে বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতার ফলে বিমান ভাড়া কমতে পারে। ফলে যাত্রি বাড়বে এবং আয় হবে রেকর্ডসংখ্যক ডলার। এমন তথ্য উঠে আসে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ)‘র এক বিশ্লেষণে।

আইএটিএ‘র তথ্য মতে, এয়ারলাইনস খাতের নিট মুনাফা ২০২৪ সালে ২,৫৭০ কোটি ডলারে পৌঁছবে। খাতটির প্রতিষ্ঠানগুলোর মোট রাজস্ব আয় বার্ষিক ৭.৬ শতাংশ বেড়ে রেকর্ড ৯৬,৪০০ কোটি হবে। ব্যয়ের হার সামান্য কমে ৬.৯ শতাংশ বা ৯১,৪০০ কোটি ডলার হবে। ২০২৪ সালে যাত্রীদের কাছ থেকে আয় ৭১ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

আইএটিএ‘র পূর্বাভাসে আরো উঠে আসে, ২০২৪ সালে প্রায় ৪৭০ কোটি মানুষ আকাশপথে ভ্রমণ করবেন। এ সংখ্যা রেকর্ড গড়বে। যা ২০১৯ সালের কোরনা মহামারী-পূর্ব পরিসংখ্যান ৪৫০ কোটিকেও ছাড়িয়ে যাবে।

প্রায় ৩২০টি এয়ারলাইনস সদস্য নিয়ে ঘঠিত আইএটিএ বিশ্বব্যাপী এয়ার ট্রাফিকের ৮৩ শতাংশের প্রতিনিধিত্ব করে। এর পরিসংখ্যানে সদস্য এবং সদস্য নয়, এমন এয়ারলাইনসগুলোর জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের উড়োজাহাজ পরিষেবা অন্তর্ভুক্ত।

এছাড়াও এখাতে অঞ্চলভেদে মহামারীজনিত লোকসান থেকে পুনরুদ্ধার করেছে। ২০২৪ সালে উত্তর আমেরিকা ১ হাজার ৪৪০ কোটি ডলার (৪ শতাংশ নিট মুনাফা), ইউরোপ ৭৯০ কোটি ডলার (৩ দশমিক ৩ শতাংশ) এবং মধ্যপ্রাচ্য ৩১০ কোটি ডলার (৪ দশমিক ৮ শতাংশ) নিট মুনাফা করবে বলে আশা করা হচ্ছে। এশিয়া ১১০ কোটি ডলার (শূন্য দশমিক ৫ শতাংশ) নিট মুনাফার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। তবে লাতিন আমেরিকা ও আফ্রিকা পিছিয়ে থাকবে। তবে চীন গত আগস্টে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এ অঞ্চলে আন্তর্জাতিক ভ্রমণ ধীরগতিতে চলছে।

আইএটিএর নীতি ও অর্থনীতির পরিচালক অ্যান্ড্রু ম্যাটারস জানান, ‌পরিচালন মুনাফা ২০২৩ সালে ৪ হাজার ৭০ কোটি ডলার থেকে ২০২৪ সালে ৪ হাজার ৯৩০ কোটি ডলারে পৌঁছনোর পূর্বাভাস দেয়া হয়েছে।

আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, ‘এয়ারলাইনস ব্যবসা ঘুরে দাঁড়ানোর দৃশ্য অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। তবে ২ দশমিক ৭ শতাংশ নিট মুনাফা অন্য যেকোনো শিল্পের বিনিয়োগকারীদের তুলনায় অনেক কম।’ “একটি ঝুঁকিপূর্ণ বৈশ্বিক খাতের জন্য কেবল ভবিষ্যৎ গড়ে তোলাটা অপর্যাপ্ত। এয়ারলাইনস ব্যবসার ওপর ৩ দশমিক ৫ শতাংশ জিডিপি নির্ভর করে। এর সঙ্গে প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা জড়িত।“

খবরে – ফ্রি মালয়েশিয়া টুডে