সীন্দবাদ ডেস্ক : পেঁয়াজের দাম এক রাতের মধ্যেে এভাবে বাড়ানো অবশ্যই ব্যবসায়ীদের দ্বায়িত্বশীল আচরণ নয় বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁও রাজস্ব ভবন মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।
তপন কান্তি ঘোষ তার বক্তব্যে বলেন, গতকাল হঠাৎ করে পেঁয়াজের দাম ৭০-৮০ টাকা বেড়ে গেছে। এটা অবশ্যই ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়। ব্যবসায়ীদের বুঝতে হবে দেশের জনগণের জন্যই তাদের ব্যবসা। লাভ ছাড়া তো ব্যবসা করবেন না। কিন্তু যে পণ্যের মূল্য ১২০ টাকা এক রাতে মধ্যে সেটির দাম ২০০ টাকা কীভাবে হয়। ভারত রফতানি বন্ধ মাত্র ঘোষণা দিয়েছেন, সে কারণে পরের দিনই দাম বাড়তে পারে না।
তপন কান্তি ঘোষ বলেন, আমাদের মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমানোর কথা বলি। এটার সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক রয়েছে। এছাড়া রাজনৈতিক একটি বিষয় রয়েছে। শিল্পায়নের স্বার্থে কর অব্যাহতির কথাও বলি। বাণিজ্যে বিকাশ চাই। ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে চাই।
সিনিয়র সচিব আরো জানান, ২০২৯ সালের পর শুল্কমুক্ত সুবিধা থাকবে না, তখন ডিউটিশ্যূন্য করতে হবে। রাজস্ব লস হবে, ৪৩ পণ্যে ক্যাশ ইনসেনটিভ দিয়ে থাকি।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ভ্যাটনীতির সদস্য জাকিয়া সুলতানা, কর ও ভ্যাট নীতির সাবেক ও বর্তমান সদস্যরা সহ সম্পৃক্ত আরো অনেকে উপস্থিত ছিলেন।







