সীন্দবাদ ডেস্ক : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ আহমেদ। তিনি বর্তমানে দেশের খ্যাতনামা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োজিত রয়েছেন। একইসাথে মালিক তালহা ইসমাইল বারী ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মো: জুনায়েদ ইবনে আলী সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদ আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষিত হয়। ডিসিসিআইর নবনির্বাচিত অন্যান্য পরিচালক হলেন মো: সালিম সোলায়মান, মো: সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান ও সাইফ উদ্দৌলাহ।

নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ দেশের আর্থিক সেবা খাতে তার সুদীর্ঘ ও বহুমাত্রিক কর্মঅভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মার্চেন্ট ব্যাংক রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া একজন প্রশিক্ষিত ব্যাংকার হিসেবে বাংলাদেশে পরিচালিত বেশ কয়েকটি বহুজাতিক ব্যাংক (এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং এইচএসবিসি) এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং পরে ব্যবসায় নিয়োজিত হন। বৃহৎ প্রকল্প অর্থায়ন, পুঁজিবাজার, মার্জার এবং এ্যাকুইজিশনসহ এসকল খাতের বিভিন্ন শাখায় রয়েছে তার অগাধ পারদর্শিতা। তিন দশকের ধরে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূরউদ্দিন আহমেদের কনিষ্ঠ ছেলে।

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী। তিনি ইউনিমার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, আইপিসিও ডেভেলপমেন্টস লিমিটেড, ইউনাইটেড প্রপার্টি সলিউশন লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এর পরিচালক হিসেবে নিয়োজিত। এছাড়াও তিনি ইউনাইটেড গ্রুপের সিএসআরভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর একজন সক্রিয় সদস্য।

ঢাকা চেম্বারের পুনঃনির্বাচিত সহ-সভাপতি মো: জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিলের চেয়ারম্যান এবং জে এন করপোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনাল-এর সত্ত্বাধিকারী। তিনি বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোরটার্স অ্যাসোসিয়েশন-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গুলশান স্যুটিং ক্লাবের আজীবন সদস্য। ২০২৩ সালেও তিনি ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।