সীন্দবাদ ডেস্ক : বিশ্বের সকল দেশ থেকে টয়োটা কোম্পানি তাদের ১০ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

কোম্পানিটি জানায়, ২০২০ থেকে ২০২২ সালের বাজারে আসা এ গাড়িগুলোতে অকুপ্যান্ট ক্লাসিফিকেশন সিস্টেম (ওসিএস) সেন্সরে ত্রুটির কারনে গাড়িতে অপ্রাপ্তবয়স্ক বা শিশু সামনের সিটে বসে থাকলে এয়ারব্যাগ ঠিক মতন কাজ করে না। এই মডেলগুলোর সেন্সরে একটি শর্ট সার্কিটের কারণে এই ধরনের ত্রুটি দেখা দেয়।

মডেলগুলো হলো- অ্যাভালন, করোলা, আরএভি৪, লেক্সাস ইএস২৫০, ইএস৩০০এইচ, ইএস৩৫০, আরএক্স৩৫০ হাইল্যান্ডার ও সিয়েনা হাইব্রিড। ।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এর তথ্যমতে, গাড়ির সামনের এয়ারব্যাগের কারণে আমেরিকায় ৩০ বছরে পঞ্চাশ হাজারেরও বেশি জীবন রক্ষা পেয়েছে।

এর আগেও প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের তিন হাজার ৫০০ আরএভি৪ মডেলের গাড়ি প্রত্যাহার করে। সেগুলোতেও ওসিএস সেন্সর কাজ করতো না।

টয়োটা ও লেক্সাস টয়োটা মোটর করপোরেশনের মালিকানাধীন ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মডেলগুলোর ওসিএস সেন্সরগুলো পরিদর্শন করবে এবং প্রয়োজন অনুসারে বিনা খরচে তা প্রতিস্থাপন করবে।
গাড়িগুলো প্রত্যাহার করা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের অবহিত করবে বলে জানায়।

খবরে- স্কাই নিউজ